বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের সিটি প্লাজা ব্যবসায়ী সমিতির ঈদ লাকি কুপনের পুরস্কার বিতরণ সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সম্পাদক তানভিরুল ইসলাম সোহান।
সিটি প্লাজা অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।
সিটি প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শাহারুল ইসলাম, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক আবদুল কাদের, নির্বাহী কমিটির সদস্য শিকদার খালিদ, হাবিবুর রহমান মিলন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তানভিরুল ইসলাম সোহান বলেন, সিটি প্লাজা ব্যবসায়ী সমিতির এই আয়োজন ক্রেতাদের আরও বেশি আস্থা বাড়াবে। এজন্য ব্যবসায়ীদেরকে মানসম্মত পণ্য যেন ক্রেতারা কিনতে পারেন সেটিকে প্রধান্য দিতে হবে। একই সাথে উদ্যোক্তা তৈরিতে মনোযোগ দিতে হবে। কি ধরণের পণ্য বিদেশে রপ্তানি করা যায় সেটি নিয়ে সবাইকে ভাবতে হবে। তানাহলে দেশের অর্থনীতি ভালো থাকবেনা। যত বেশি পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে পরব, তত বেশি আমাদের রেমিট্যান্স শক্তিশালি হবে।
সিটি প্লাজা ব্যবসায়ী সমিতির ঈদ লাকি কুপনের প্রথম পুরস্কার ৩৫০ সিসি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জয়ী হয়েছেন শহরের সিটি কলেজ পাড়ার মোহাম্মদ হৃদয়। তিনি জানান, আমি এই পুরস্কার পেয়ে অনেক খুশি হয়েছি। কেননা যেসব জায়গায় দামি পুরস্কার দেয়া হয় সেখানে স্বচ্ছতা থাকেনা। সিটি প্লাজা ব্যবসায়ী সমিতির স্বচ্ছতার সাথে লাকি কুপন লটারি করেছেন। লাকি কুপনে দ্বিতীয় পুরস্কার দেড় টন এসি পেয়েছেন ঝুমঝুমপুরের মোহাম্মদ আলম ও তৃতীয় পুরস্কার ২২০ লিটার ফ্রিজ জয়ী হয়েছেন নাজির শংকরপুরের রানি। মোট ২০টি পুরস্কার প্রদান করা হয়েছে বিজয়ীদের মধ্যে।

