বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
দুই দিন আগে বর্ণা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসেন বেড়াতে। তিনি মানিকগঞ্জের রবিউল ইসলামের স্ত্রী।
বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ২টার মধ্যে তারা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
নওয়াপাড়া নৌ পুলিশের ওসি রণজিৎ কুমার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। বিকেল পর্যন্ত যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্ণার কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

