বাংলার ভোর প্রতিবেদক :
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যশোরে শেষ হয়েছে তাবলিগ জামাতের তিনদিনব্যাপী জেলা ইজতেমা। রোববার যশোর উপশহরের জেলা মারকাজ মসজিদসংলগ্ন মাঠে এ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের করাচির মুফতি সামিউল্লাহ। তিনি মুফতি তকি উসমানির ছাত্র।
দিল্লির নিজামুদ্দিন মারকাজের অনুসারী (মাওলানা সাদপন্থী) তাবলিগ জামাতের আয়োজনে শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। তিন দিনের এ আয়োজনে দেশ-বিদেশের প্রায় এক লাখ মুসল্লি অংশ নেন। শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসেন।
একপর্যায়ে মুসল্লিদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মালয়েশিয়া, ভারত,পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের মুসল্লিরাও ইজতেমায় অংশ নেন।
ইজতেমা শেষে প্রায় ১০০টি জামাত দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে রওনা হয়। ইজতেমা ব্যবস্থাপনা কমিটির প্রধান ও কেশবপুর তাবলিগ জামাতের আমির এস এম ইয়ামিনুর রহমান জানান, এবারের ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
