নড়াইল সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যানচালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইসলাম শেখ উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শালনগর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে টিপু সুলতান ও মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এরপর বেলা ৩ টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে ওই গ্রামের কবরস্থান এলাকায় পৌঁছালে টিপু সুলতান পক্ষীয় লোকজন ইসলাম শেখকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ইসলাম শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত টিপু সুলতান পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
