বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলার আমির আলী এস.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি)-এর অভিষেক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও মানসিক বিকাশে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাহিদা আক্তার।
বিদ্যালয়ের সভাপতি রানা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আনিচুর রহমান, যশোর পৌরসভার প্রকৌশলী বিএম কামাল হোসেন, তালবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক গোপাল চন্দ ও দাউদ হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক সদর যশোরের কর্মকর্তা আব্দুস সালাম এবং সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কেয়ামউদ্দিন, খাজুরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনজুর হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হুমায়ূন কবির ও শওকত আলী, জি টি মডেল বালিকা বিদ্যালয়ের শিক্ষক মশিউল আলম ও ওলায়েত হোসেন, কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দাউদ হোসেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ইউপি সদস্য স্বপ্না বেগম, সহকারী শিক্ষক আব্দুল মতিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাহাদি মোহাম্মদ। এ সময় বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমান আর বেগম এর বিদায় সংবর্ধনা দেয়া হয়।
বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষাজীবনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মায়েদের সচেতনতা ও নিয়মিত তদারকি শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার পাশাপাশি তাদের মানবিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে নবনির্বাচিত এসএমসি কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
