বাংলার ভোর প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির আয়োজনে ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রভাষক মহিবুল্লাহ মুহিব।
সভায় বক্তব্য দেন ছাত্রনেতা রাশেদ খান, বাসদ যশোরের আহ্বায়ক শাহাজাহান আলী, বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জেলা সমন্বয়ক তসলিম-উর-রহমান, জাসদ যশোরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, গণতান্ত্রিক আইনজীবী সমিতির যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাংলাদেশ কৃষক সমিতির যশোর জেলা সভাপতি আব্দুর রহিম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা আব্দুল মজিদ এবং সিপিবি যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মফিজুর রহমান নান্নুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
স্মৃতিচারণ করেন ইলাহদাদ খানের সহধর্মিণী অধ্যাপক সুরাইয়া শরিফ ও উদীচী যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু।
স্মরণিকা পাঠ করেন সিপিবি যশোর জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুন্নাহার কনা। এ ছাড়া মৌমাছি স্কুলের পরিচালক মাসুম বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
উদীচী যশোর সংসদের পরিবেশনায় ‘আগুনের পরশমণি’ গান দিয়ে স্মরণসভা শুরু হয়। কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সভায় বক্তারা কমরেড ইলাহদাদ খানের রাজনৈতিক জীবন, আদর্শ ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানান। তারা বলেন, তার স্মৃতি ও আদর্শ ধারণ করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে।
এ সময় বক্তারা তার দেখানো আদর্শে অনুপ্রাণিত হয়ে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
