শার্শা সংবাদদাতা
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলার উলাশী খাল খনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে জোরালো প্রস্তুতি শুরু করেছে বিএনপি।
এ লক্ষ্যে দলটির শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখার উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ যৌথ প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, উলাশী খাল পুনঃখনন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সাথে এই আয়োজনকে কেন্দ্র করে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন শার্শার রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। এই কর্মসূচিকে সফল করতে তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উলাশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি ঘিরে ইতোমধ্যে জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং এটি একটি বড় রাজনৈতিক সমাবেশে রূপ নিতে যাচ্ছে।
সভা থেকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি জোরদার, জনসমাগম নিশ্চিতকরণ, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং সফল আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
শার্শার উলাশী, সোনামুখী, বনমান্দারসহ প্রায় ২২টি বিলের হাজার হাজার একর জমিতে ফসল ফলানোসহ বর্ষার পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে সেই পানি কৃষিকাজে ব্যবহারের লক্ষে দেশজুড়ে খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী।
উলাশী জিয়ার খাল খননের মাধ্যমে খুলনা বিভাগে প্রধনমন্ত্রীর প্রথম সফর হবে বলে জানান বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

