বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে পুনর্মিলনী অনুষ্ঠান। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে একত্রিত হয়ে স্মৃতিচারণ, কুশল বিনিময় আর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীরা। ১৯৯২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভাগের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন হয়ে ওঠে প্রজন্মের মেলবন্ধন।
শুক্রবার সকালে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পুনর্মিলনী-২০২৬-এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ। উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম আইয়ুব হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইসলামী ছাত্রশিবিরের বাইতুল মাল সম্পাদক আরাফাত হোসেন লিখনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক শওকত আলী।
দীর্ঘদিন পর একই বিভাগের বিভিন্ন সময়ের শিক্ষার্থীদের একসঙ্গে পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, শিক্ষকদের সঙ্গে স্মৃতিচারণ এবং কলেজজীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগিতে আবেগঘন হয়ে ওঠে অনেকের মুহূর্ত। বয়স ও সময়ের ব্যবধান পেরিয়ে একই বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এই মিলনমেলা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে।
আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি বিভাগের ঐতিহ্য, সম্প্রীতি ও বন্ধনকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
