কেশবপুর সংবাদদাতা :
যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যশোরের কেশবপুরে মহান সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস)-এর আয়োজনে শনিবার স্থানীয় মুক্তিযোদ্ধা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান। বিশেষ আলোচক ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
আলোচনায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মহান সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলার সেনা, নৌ ও বিমানবাহিনীর শতাধিক অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রফিকুল ইসলাম। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
