মাগুরা সংবাদদাতা :
নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসা পরিচালনার দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় জেলা অডিটোরিয়ামে ঢাকাস্থ মাগুরা ফোরামের (ডিএমএফ) উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ‘ঢাকাস্থ মাগুরা ফোরাম-আমরা আছি সবার পাশে’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ উদ্যোক্তা এবং নতুন উদ্যোক্তা হতে আগ্রহীরা অংশ নেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞানী ও উদ্যোক্তা ড. আলী আফজাল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মোটিভেশনাল স্পিকার অ্যাডভোকেট আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া।
প্রশিক্ষণে ড. আলী আফজাল বলেন, ব্যবসায় সফল হতে হলে সঠিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি পরিশ্রম প্রয়োজন। উদ্যোক্তাদের ধৈর্য ধরে কাজ করতে হবে এবং ব্যবসার প্রতি দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন খাতের উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের মধ্যে ছিলেন কুটিরশিল্প উদ্যোক্তা রেশমা আক্তার সাথী, হস্তশিল্প উদ্যোক্তা জেসমিন রহমান স্মৃতি, মাশরুম চাষি মো. হুসাইন, বুটিক ও বিউটি পার্লার ব্যবসায়ী পাপিয়া শারমিন রত্না, খাদ্য প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা কল্পনা খাতুন এবং পোল্ট্রি খামারি আবু সাঈদসহ অনেকে।
প্রশ্নোত্তর পর্বে শেখ ইলিয়াস মিথুন ও আশরাফুল আলম সাগর বক্তব্য দেন।
আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
