বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা থেকে গুলি, মাদক ও নগদ টাকাসহ আটক শহিদুল তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
শহিদুল তালুকদার শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার জয়নাল তালুকদারের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ঘর থেকে শহিদুলসহ তিনজনকে আটক করা হয়।
অভিযানে শহিদুলের কাছ থেকে এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ, চার রাউন্ড পিস্তলের গুলি ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার মণ্ডল বাদী হয়ে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাসুল ইনলাস আটক শহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক শহিদুল তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
