বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের দড়াটানা পার্ক থেকে ১০ বছর ও দুই বছর বয়সী দুই বোন নিখোঁজ হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই শিশুর বাবা মো. রুহুল আমিন যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই বোনের নাম রুমা ও সুমাইয়া। তাদের মধ্যে রুমার বয়স ১০ বছর এবং সুমাইয়ার বয়স দুই বছর। ঘটনার দিন সকালে তাদের মা ফরিদা পারভীনা দুই মেয়েকে দড়াটানা পার্কে রেখে পাশে কাজে যান। পরে পার্কে ফিরে তিনি দুই মেয়েকে খুঁজে পাননি।

এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় জিডি করা হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “আমরা জিডি গ্রহণ করেছি। শিশু দুটির সন্ধানে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
দুই শিশুর নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। তাদের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
যোগাযোগের নাম্বার, পিতা : ০১৭২৮৭০৬৩৭২
