চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে গাজীপুরে দুই দিনব্যাপি বার্ষিক সভা শুরু হয়েছে। দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশনের বাংলাদেশ টিমের উদ্যোগে ২২ ও ২৩ নভেম্বর সারাহ রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
সভায় দেশের বিভিন্ন অঞ্চলে চক্ষু স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা ১৪টি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশ নিয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা তুলে ধরছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত চক্ষু স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতার বিষয়ে আলোচনা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সাউথ এশিয়া অ্যান্ড মিডল ইস্ট ক্লাস্টার ডিরেক্টর মুসাব্বির আলম, প্রোগ্রাম হেড জিহান আবেদিন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নুরুল আমিন, বদরুল ইসলাম ও আমিনুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল, গ্রামীণ চক্ষু হাসপাতাল, বিএনএসবি চক্ষু হাসপাতাল, নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল ও পিকেএস হাসপাতাল, যশোর।
পিকেএস হাসপাতালের পক্ষে সভায় অংশ নেন প্রতিষ্ঠানের সহসভাপতি একরাম-উদ-দ্দৌলা।
সভায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমভিত্তিক উপস্থাপনা, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি
