বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের বেজপাড়া এলাকায় চোরাই মোটর পার্টস কেনাবেচার অভিযোগে আরাফাত (২২) ও নাদিম (৪০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদেরকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় দিকে বেজপাড়া মেইন রোডে ইব্রাহীম খলিল বাবুর মোটরপার্টসের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ৯৯৯ নম্বরে পাওয়া সংবাদের ভিত্তিতে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এস আই নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয় লোকজন চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে রেখেছিলেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আরাফাত ওই মোটরপার্টসের দোকানে কর্মচারী থাকা অবস্থায় বিভিন্ন সময়ে মোটরপার্টস চুরি করে নাদিমের কাছে বিক্রির কথা স্বীকার করেন। নাদিমও চোরাই মাল কেনার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের মারধরে আরাফাত আহত হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০ ধারায় অভিযোগ আনলে যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
আরাফাত যশোর শহরের বকচর এলাকার ও নাদিম শহরের বেজপাড়ার আজিমাবাদ কলোনী এলাকার বাসিন্দা।
