বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের চৌগাছা বাজারের সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে জমি ও দোকানঘর দখল, সম্পদ আত্মসাৎ এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সার ডিলারশিপ নেয়ার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন তার ছোট চাচা ইছাহক আলী। বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ইছাহক আলী বলেন, গত ৭ সেপ্টেম্বর আতিকুর রহমান লেন্টু তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এর পরদিন তিনি পাল্টা সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ অস্বীকার করেন। লেন্টুর ওই বক্তব্যের প্রতিবাদ জানাতেই তিনি সংবাদ সম্মেলন করছেন বলে জানান, ইছাহক আলী।
ইছাহক আলীর অভিযোগ, আতিকুর রহমান লেন্টু দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সুবিধা নিয়েছেন। তার দাবি, ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলামের ডিও নিয়ে লেন্টু বিসিআইসি সারের ডিলারশিপ নিয়েছিলেন। বর্তমানে তিনি নতুন করে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ডিলারশিপ পাওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ইছাহক আলী আরও অভিযোগ করেন, চৌগাছা বাজারে তাঁর জমি অবৈধভাবে দখলের চেষ্টা করা হয়েছিল। পরে তারা তা প্রতিহত করে বৈধভাবে দখল নিয়েছেন।
এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসন অবগত রয়েছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া তার মেঝো ভাই মরহুম ইসমাইল হোসেনের একটি দোকানঘর জাল-জালিয়াতির মাধ্যমে দখল করা হয়েছে বলে অভিযোগ করেন ইছাহক আলী। এ বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
চৌগাছা মডেল মসজিদ নির্মাণের বিষয়েও লেন্টুর বিরুদ্ধে অভিযোগ তোলেন ইছাহক আলী। তিনি দাবি করেন,মসজিদ নির্মাণের বিরোধিতা করে লেন্টু হাইকোর্টে রিট করেছিলেন। সংবাদ সম্মেলনে ইছাহক আলী বলেন, লেন্টু তাদের পরিবারের অর্থ-সম্পদ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।
প্রমাণ দিতে পারলে সম্পদ ফেরত দেয়ার যে বক্তব্য তিনি দিয়েছেন, তার ভিত্তিতে পরিবারের পক্ষ থেকে সম্পদ ফেরতের দাবি জানানো হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে আতিকুর রহমান লেন্টু জানান, তার বিরুদ্ধে একটি গোষ্ঠি চক্রান্ত করছে। তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
