বাংলার ভোর প্রতিবেদক :
জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী।
তিনি অভিযোগ করে বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণের সঠিক পথে না গিয়ে উল্টো পথে হাঁটছে। জনগণের দাবি বাস্তবায়ন না হলে তারা রাজপথে নেমে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন।
বৃহস্পতিবার বিকেলে যশোর ঈদগাহ মোড় থেকে ১১ দলীয় ঐক্যের ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর অভিমুখে লংমার্চ সফল করার লক্ষ্যে শহর জামায়াতের আয়োজিত গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু জাফর সিদ্দিকী বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। কিন্তু সরকার সেই পথে না গিয়ে ভিন্ন পথে হাঁটছে।
তিনি বলেন, সরকারকে জনগণ সুযোগ দিয়েছে।
সেই সুযোগ কাজে লাগিয়ে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। জনগণ রাজপথে নেমে আগামী দিনের বাংলাদেশ নির্মাণের সিদ্ধান্ত নিক, তা তারা চান না বলেও উল্লেখ করেন তিনি। আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরবাসীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ১১ দলীয় ঐক্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দাবি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে রাজপথে নামতে হবে।
যশোর শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হুসাইন, ভিপি আব্দুল কাদের, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ শেষে ঈদগাহ মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের মণিহারে গিয়ে শেষ হয়।
