ঝিকরগাছা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, মাদক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিএনপি ও জামায়াত একমত।
তিনি আরও বলেন, ঝিকরগাছায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তুজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সাংগঠনিক সম্পাদক মুরাদ উন নবী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হারুনর রশিদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান এবং ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন স্থানীয় দলীয় কার্যক্রম ও উপজেলা কর্মকর্তাদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলেন।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক মুরাদ উন নবী অভিযোগ করেন, পুলিশ অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দিচ্ছে। অভিযোগের বিষয়ে ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
