বাংলার ভোর প্রতিবেদক
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ঝিনাইদহের চাঞ্চল্যকর আফিয়া আক্তার খুশি (২১) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব–৬।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টা ২০ মিনিটের দিকে র্যাব–৬–এর সিপিসি–৩, যশোর এবং সিপিসি–১, সাতক্ষীরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি সাঈদ মেহেদীকে (৩০) গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ঢেপুখালী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাবের ভাষ্য অনুযায়ী, আফিয়া আক্তার খুশি ও সাঈদ মেহেদীর মধ্যে প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের পর গোপনে বিয়ে হয়। এরপর তারা ঝিনাইদহ শহরে বসবাস শুরু করেন। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ হতো এবং খুশিকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ মে সকালে ঝিনাইদহ শহরের ভাড়া বাসার কক্ষের দরজা খোলা দেখে প্রতিবেশী নাইটগার্ড বদর উদ্দিন মোল্যা ভেতরে প্রবেশ করলে খুশিকে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান। পরে বাড়ির মালিকের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় নিহতের স্বামী সাঈদ মেহেদীকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

