মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক ২টি অভিযান চালিয়ে ১ হাজার ১৩ বোতল ভারতীয় সিরাপ ও ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৯/১ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নায়েবে সুবেদার আব্দুস সালমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৮৯ বোতল ভারতীয় সিরাপ ও ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়াও শনিবার (৩অক্টোবর) ভোরের দিকে একই বিওপি এলাকার সীমান্ত পিলার ৫৬/৬এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নায়েবে সুবেদার আব্দুস সালমের নেতৃত্বে কচুয়ারপোতা কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮২৪ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান বন্ধ এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
