বাংলার ভোর প্রতিবেদক
‘নিরাশার বিবর হতে, আয় রে বাহির পথে/দেখ নিত্য সেথায়-আলোকের অভিযান’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি, প্রেম দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করে আবৃত্তি শিল্পী শাহেদ নওয়াজ।
অনুষ্ঠানে নজরুল সঙ্গীত, একক সঙ্গীত, দলীয় সঙ্গীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এর মধ্যে নজরুলের লেখা, ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, শূণ্য এ বুকে পাখি মোর, দূর্গম গিরি কান্তার মরু, শিউলি ফুলের মালা দোলে, দূর দ্বীপ বাসিনিসহ কবিতা, গান পরিবেশিত হয়। এতে অংশ নেন উদীচীর সদস্য অদ্বিতীয়া বিশ্বাস, সোহা যাবিন নওয়ার, সৌহার্দ্য অধিকারী, গোবিন্দ বিশ্বাস, সামসুন্নাহার সরদার, সমৃদ্ধি ঘোষসহ আরো অনেকে।
এ সময় উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, অ্যাড. প্রশান্ত দেবনাথসহ যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ২৭ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নজরুল তার কবিতা ও গানের মাধ্যমে শোষণ ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামে জাতিকে প্রেরণা জুগিয়েছেন। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে তার সৃষ্টি জাতিকে উদ্বুদ্ধ করার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করেছে।

