প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার দাবিতে ক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন একাংশের সদস্যরা।
তারা বর্তমান কমিটির ঘোষিত ৩১ অক্টোবরের নির্বাচনের সময়সূচি বাতিল করে আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচন সম্পন্ন এবং নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে সদ্য গঠিত ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’-এর আহ্বায়ক একরাম উদ-দ্দৌলা, যুগ্ম আহ্বায়ক বিনয় কৃষ্ণ মল্লিক ও সদস্য সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরিত চিঠি সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান কার্যনির্বাহী কমিটি আগামী ৩১ অক্টোবর দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। কিন্তু ওই সময় বর্তমান কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন মাস পরে।
গঠনতন্ত্রের একটি ধারা ব্যবহার করে কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলে সদস্যরা দাবি করেন, দেশে বা স্থানীয় পর্যায়ে এমন কোনো অনিবার্য পরিস্থিতি সৃষ্টি হয়নি, যার কারণে নির্বাচন পিছিয়ে দেয়া বা কমিটির মেয়াদ বাড়ানোর প্রয়োজন হতে পারে।
তারা আরও উল্লেখ করেন, গঠনতন্ত্রে বিশেষ পরিস্থিতিতে তিন থেকে চার মাস পর্যন্ত মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই বিধান প্রয়োগের কোনো যৌক্তিকতা নেই। ফলে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।
চিঠিতে বর্তমান কার্যনির্বাহী কমিটির দুই বছরের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়, একটি লিফট স্থাপন ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।
আর ওই লিফটও পূর্ববর্তী কমিটির সময় অনুদানের মাধ্যমে অনুমোদিত প্রকল্পের অংশ ছিল। তাই মেয়াদ বাড়িয়ে নতুন কোনো ইতিবাচক পরিবর্তন হবে বলে সদস্যরা মনে করেন না। বরং ব্যক্তিস্বার্থে ক্ষমতায় থাকার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
আবেদনে আরও বলা হয়, প্রেসক্লাব যশোর দলমত নির্বিশেষে জেলার সাংবাদিকদের ঐক্যের প্রতীক। তাই ক্লাবকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে রাখার চেষ্টা সাংবাদিক সমাজের ঐক্য ও স্বাভাবিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।
চিঠিতে আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ৮ আগস্ট থেকে বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা করে নিয়মতান্ত্রিক কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেয়া হয়েছে।
প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আকরামুজ্জামান বলেন, মঙ্গলবার বিকেলে যুগ্ম আহ্বায়ক বিনয় কৃষ্ণ মল্লিককে সঙ্গে নিয়ে সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের হাতে চিঠি তুলে দেয়া হয়েছে।
এ সময় সাধারণ সম্পাদক ক্লাবের সদস্যদের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি

