লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার ভাটগাতি গ্রামের কৃষক মফিজ মোল্যাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে। এ মামলায় তার স্ত্রী ফাতেমা বেগম ও বেয়াই মশিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে লোহাগড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ফাতেমা বেগম ভাটগাতী গ্রামের নিহত মফিজ মোল্যার স্ত্রী। মশিয়ার রহমান ঈশানগাতী গ্রামের বাসিন্দা এবং নিহতের বেয়াই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামের মফিজার মোল্যাকে প্রায় ৪ মাস আগে (২৬ এপ্রিল) রাতে তার স্ত্রী ফতেমা বেগম ও একই ইউনিয়নের ঈশানগাতী গ্রামের বাসিন্দা ও মৃতের বেয়াই মশিয়ার রহমানের মধ্যে অনৈতিক সম্পর্কের জেরে মফিজারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার কিছুদিন পর তারা দুজন বিয়ে করে সংসার করে আসছিলেন।
শনিবার রাতে নিহত মফিজ মোল্যার মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। মামলায় তার মা ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের নাম উল্লেখ করে আরও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা নং ২৫-তাং ২৯-০৮-২৬ ইং।
অন্যদিকে শনিবার সাংবাদিকদের কাছে দেয়া বক্তব্যে অভিযুক্তরা মফিজার মোল্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করেন। তারা বলেন, গত (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে মফিজার মোল্যাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ফাতেমা বেগম বলেন, স্বামীর সংসার করবোনা এ কারণে মশিয়ারকে সাথে নিয়ে আমার স্বামী মফিজারকে মেরে ফেলেছি। এরপর মফিজার মোল্যার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা এবং পরেরদিন সকালে মরদেহ দাফন করে ফেলা হয়।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, নিহত মফিজ মোল্যার মেয়ে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
