বাঘারপাড়া সংবাদদাতা :
যশোরের বাঘারপাড়ায় তেভাগা আন্দোলনের পুরোধা, আজীবন কমিউনিস্ট, কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে ‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’। রোববার উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অমল সেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর আলোচনা সভা ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে কমরেডের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর বাকড়ি গোচর মাঠে অলোচনা সভায় অংশ নেন কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, নড়াইল জেলা কমিটির সাধারন সম্পাদক জহিরুল হক জহির, বাঘারপাড়া উপজেলা কমিটি ও স্মৃতি রক্ষা কমিটির সাধারন সম্পাদক বিপুল বিশ্বাস, যশোর জেলা কমিউনিস্ট লীগের সদস্য পলাশ বিশ্বাস, সদস্য বিথীকা বিশ্বাস, প্রফেসর রমেশ চন্দ্র অধিকারী, অপূর্ব অধিকারী, দিলীপ বিশ্বাস, সুবোধ বিশ্বাস প্রমুখ।
অলোচনা শেষে একই মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বসুন্দিয়া ফুটবল একাদশ বনাম নড়াইল ফুটবল একাদশ। এরপর সন্ধ্যায় কমরেড অমল সেনের সমাধিতে মোমবাতি প্রজ্জ্বলন করে দিনের কর্মসূচি শেষ হয়।
উল্লেখ্য, কমরেড অমল সেন ১৯১৩ সালের ১৯ জুলাই নড়াইল জেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দাবি আদায়ে আজীবন সেই জমিদার, জোতদার তথা ভূস্বামীদের বিরুদ্ধে সংগ্রাম করেন তিনি। আজীবন বিপ্লবী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ নেতা ২০০৩ সালের ১৭ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শেষ ইচ্ছানুযায়ি বাকড়ি বিদ্যালয় চত্বরে মরদেহ সমাধিস্থ করা হয়।

