মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে স্কুলছাত্রী নিঝুম খাতুনের খুনি ছাত্রলীগ নেতা মাশরিকুল রহমান জিমসহ জড়িতদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার ফতেপুরের একতারপুর আমতলা বাজারে মানববন্ধন করেন তারা।
মাবনবন্ধন থেকে নিঝুম হত্যার সাথে জড়িতদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়।
তবে নির্মম খুনের শিকার হওয়া নিঝুমের মা দাবি করেছেন, নিঝুম খুনের সাথে অনেকেই জড়িত। বাকি আসামিদের আঁড়াল করতে আটক জিম তথ্য গোপন করে স্বীকারোক্তি দিয়েছেন। জিমের একার পক্ষে মেয়েকে হত্যা করা সম্ভব নয়। বাকি আসামিরা বাড়িতে থাকলেও পুলিশ তাদের ধরছে না।
এর আগে গত বছরের ১৩ মার্চ নিখোঁজ হন দশম শ্রেনীর স্কুলপড়ুয়া ছাত্রী নিঝুম। মা তাসলিমা খাতুন সাধারণ ডায়েরি করে মেয়ের কোন সন্ধান না পেয়ে ৫ জনের নাম উল্লেখ করে অপহরণ মামলা করেন। দীর্ঘ আঠার মাস পর ঝিনাইদহ জেলা সাইবার ইনভেস্টিগেশন সেলের সদস্যরা অপহৃত স্কুলছাত্রী নিঝুমের হত্যার রহস্য উদঘাটন করেন।
পুলিশ প্রেমিক ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাশরিকুল রহমানকে আটক করে ৫ দিনের রিমান্ডে নিলে প্রেমিকা নিঝুম হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ননা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নিষিদ্ধ ছাত্রলীগের এ নেতা।
মামলার তদন্তকারী কমকর্তা এস আই হিমানিষ বলেন, আটকের পর প্রধান আসামি খুনের দায় স্বীকার করেছেন। বাকি আসামিরা জামিনে রয়েছেন। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে।
