মাগুরা সংবাদদাতা
লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং আইসক্রিমের কাঠিতে ছত্রাক পাওয়ার অভিযোগে মাগুরার ‘সুরুচি আইসক্রিম ফ্যাক্টরি’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, কারখানাটি প্রয়োজনীয় স্যানিটারি ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করেই আইসক্রিম বাজারজাত করা হচ্ছিল। কারখানায় আইসক্রিম তৈরিতে ব্যবহৃত বাঁশের কাঠিতে ছত্রাকের উপস্থিতিও পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য কারখানা কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
