বাংলার ভোর প্রতিবেদক
ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকায় যশোর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে ছাড়পত্র (টিসি) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ইতিমধ্যে সংশ্লিষ্ট ছাত্রীদের রোল নম্বর উল্লেখ করে কলেজে নোটিশ টানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বারবার সতর্ক করার পরও যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হয়নি, তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে কলেজ থেকে ছাড়পত্র নিতে হবে।
হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ছাত্রী ও তাদের অভিভাবকেরা। নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র নিতে হলে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কী ধরনের জটিলতা তৈরি হতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
মানবিক দিক বিবেচনা করে শিক্ষার্থীদের আরও একটি সুযোগ দেয়ার জন্য কলেজ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন অনেক অভিভাবক।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিনা খাতুন বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করার লক্ষ্যেই এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
