মাগুরা সংবাদদাতা
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত তিন দিনব্যাপি ওপেন ইন্টারন্যাশনাল রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়াম ভবনের কনফারেন্স রুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।
গত ১৯ জুলাই শুরু হওয়া প্রতিযোগিতায় ভারতসহ বাংলাদেশের পাঁচটি জেলার মোট ২৫ জন রেটিংধারী দাবাড়ু অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় ভারতের সহাম দে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানারআপ হন মাগুরার মো. আল মনির এবং তৃতীয় স্থান অর্জন করেন মাগুরার ফয়সাল হোসেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ট্রফি, সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়।

