বাংলার ভোর প্রতিবেদক :
শিশুর সুষ্ঠু বিকাশ ও নৈতিক মূল্যবোধ গঠনে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষাবিদ ও প্যারেন্টিং বিশেষজ্ঞরা। তারা বলেছেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিশুর মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
শনিবার বিকেলে যশোর ক্যান্টনমেন্ট কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর আয়োজিত প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট-২০২৬ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক, গবেষক ও প্যারেন্টিং বিশেষজ্ঞ ড. আহসান হাবিব ইমরোজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক গাউসুল আজম।
প্রধান অতিথি বলেন, শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার। মা-বাবার আচরণ ও পারিবারিক পরিবেশ শিশুর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো ফলাফলের জন্য চাপ না দিয়ে সন্তানের আগ্রহ, মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। পাশাপাশি সন্তানকে সময় দেওয়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা জরুরি।
বিশেষ অতিথি অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়; জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করা। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ প্রয়োজন।
সভাপতির বক্তব্যে আবু ফয়সাল বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সংস্কৃতি ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য।
অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন ড. জসিম উদ্দিন ও তামান্না রহমান উপমা। আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সারাফত হোসেন, অ্যাডভোকেট গাজী এনামুল হক, ড. মাহবুবুল আলম, সংগীতশিল্পী সাইফুল্লাহ মানসুর ও অ্যাডভোকেট রোকনুজ্জামান।
এ সময় পরিচালকদের মধ্যে রেজওয়ান হোসেন (অর্থ), মোস্তফা কামাল (এডমিন), আজিজুর রহমান মশিউর, হাসানুজ্জামান, মুস্তাক আহমেদ, বজলুর রহমান, কুতুবুল আলমসহ সকল পরিচালক বৃন্দ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কনফারেন্সের পাশাপাশি কালচারাল ফেস্টে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
