বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বার্ষিক ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত হয়েছে। সোমবার শহরের কারবালা ওয়াপদা খ্রিস্টান কবরস্থানে মৃত স্বজনদের স্মরণ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার চিরশান্তি কামনায় দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন এলাকা থেকে খ্রিস্টধর্মাবলম্বীরা তাদের সমাহিত স্বজনদের কবরে সমবেত হন। নারী, পুরুষ ও শিশুরা কবরগুলোতে ফুল দিয়ে এবং মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে মৃত স্বজনদের স্মরণ করেন। পরে বিশেষ প্রার্থনা ও আশীর্বাদের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
ক্যাথলিক মণ্ডলীর ফাদার নিকোলাস মণ্ডল বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। এ সময় পরলোকগত স্বজনদের আত্মার শান্তি কামনা এবং তাদের ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য প্রার্থনা করা হয়।
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস বলেন, ২ নভেম্বর বিশ্বব্যাপি ক্যাথলিক সম্প্রদায়ের মানুষ মৃত স্বজনদের স্মরণ করেন।
এ দিন দাদা-দাদি, বাবা-মা, ভাই-বোন, সন্তানসহ পরলোকগত আত্মীয়স্বজনদের আত্মার চিরশান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা ও তাঁদের স্বর্গবাসের জন্য উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে প্রশান্ত বিশ্বাস, আগস্টিনা সরকার, চিকিৎসক অসিত বিশ্বাস, জোসেফ দাস ও রিতা বিশ্বাসসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
