বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর মেডিকেল কলেজের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়।
দড়াটনা মোড়ে মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসকবৃন্দ একত্রিত হয়ে সাধারণ পথচারী ও সর্বস্তরের মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। শোভাযাত্রাটি পুনরায় ২৫০ শয্যা হাসপাতালে ফিরে আসে এবং হাসপাতাল চত্বরে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচি শেষে হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত সভা হয়। সেখানে হাসপাতালে কর্মরত তত্ত্বাবধায়ক ও মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনসার আলী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. গৌতম কুমার আচার্য, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র কনসালট্যান্ট ডা. হিমাদ্রি শেখর সরকার, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ওহিদুজ্জামান এবং ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি।
