বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলার এক তরুণীকে অচেতন করে শ্লীলতাহানি এবং আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে এক যুবদল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত এজাহার দেয়া হয়েছে।
অভিযোগের প্রধান আসামি আলিমুজ্জামান ডালিম (৩৫) যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সিরাজসিংহ গ্রামের বাসিন্দা। অন্য অভিযুক্তরা হলেন, জয় (২৪), মেহেদি (৩৩), গোলাম (২৭) ও রবিউল (৩৫)।
এজাহার সূত্রে জানা গেছে, মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের তরুণীর (২১)-এর সঙ্গে আলিমুজ্জামান ডালিমের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৫ আগস্ট বিকেলে ডালিম মোবাইল ফোনে ওই তরুণীকে কুয়াদা বাজারের একটি হোটেলে দেখা করার জন্য ডেকে নেন।
অভিযোগে বলা হয়, তরুণী হোটেলে পৌঁছালে তাকে চেতনানাশক মিশ্রিত পানীয় খাওয়ানো হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। রাত আনুমানিক ১১টার দিকে জ্ঞান ফিরলে নিজেকে বস্ত্রহীন অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেছেন ওই তরুণী। তার দাবি, এ সময় তিনি বুঝতে পারেন যে অভিযুক্তরা তার শ্লীলতাহানি করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। এতে তিনি মানসিকভাবে ভীত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় তরুণী কোতোয়ালি মডেল থানায় লিখিত এজাহার দিয়ে ঘটনার দ্রুত তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
