বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে তানসীপ ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান খানের নেতৃত্বে পুলেরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তানসীপ ট্রেডার্সে পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্যপণ্য উৎপাদনের বিষয়টি ধরা পড়ে। পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও খাদ্যপণ্য উৎপাদন-বিক্রয় সংক্রান্ত বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

