বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ৬ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সকালে মনোহরপুর বাজার এলাকার অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আটক আসামি রবিউল ইসলাম যশোর পৌরসভার শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার সকালে জেলার কোতয়ালী মডেল থানাধীন মনোহরপুর বাজার এলাকার একটি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় যশোর-টু-মাগুরা মহাসড়কের ওপর হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২১) থেকে ৫০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে একই দিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও ১২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে মোট ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং একটি বাসের টিকিট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

