বাংলার ভোর প্রতিবেদক :
দেশবরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে যশোর ইনস্টিটিউটের শিশু চিত্তবিনোদন কেন্দ্রের আয়োজনে চিত্রাঙ্কন উৎসবের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার যশোর ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তিনি বলেন, যশোরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি জন্ম থেকে সুস্থ সাংস্কৃতিক চর্চার কেন্দ্র ছিল।
ইনস্টিটিউটের বি সরকার মঞ্চে অসংখ্য প্রতিবাদী নাটক মঞ্চস্থ হতে দেখেছি। কিন্ত প্রতিষ্ঠানটি কিছুটা হলেও তার ঐতিহ্য হারিয়েছে। বর্তমানে দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্রের সুবাতাস বইছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন এবং উন্নয়নের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। আমি আশাবাদী প্রতিষ্ঠানটি তার গৌরব ফিরে পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর ইনস্টিটিউটের শিশু চিত্তবিনোদন কেন্দ্রের সভাপতি ড. শাহনাজ পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক, সহসাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সৈয়দ শাহাজাহান আলী খোকন, পাঠাগার বিষয়ক সম্পাদক অধ্যাপক শেখ জুলফিকার আলী, টাউন ক্লাব সম্পাদক অধ্যাপক ইবাদত খান, শিশু চিত্তবিনোদন কেন্দ্রের সম্পাদক এমরান সাদিক বাপ্পু, সদস্য নুরুল আরেফিন, ইসরাত শাহে টিপ প্রমুখ।
উল্লেখ্য, তিনটি গ্রুপের অনুষ্ঠিত চিত্রাঙ্কন উৎসবে ১০৫ জন প্রতিযোগি অংশ নেয়। এর মধ্যে ক-গ্রুপে অন্তু বৈরাগ্য প্রথম, হাবিবুল বাশার আনসারী দ্বিতীয়, জিনিয়ামিন রাইস তৃতীয়, খ-গ্রুপে আরাফ আইয়ান প্রথম, সমৃদ্ধী চৌধুরী দ্বিতীয়, শেখ নুসাইবাহ নূরাইঈন তুলতুল তৃতীয় এবং গ-গ্রুপে জাইফ রাফসান রহমান প্রথম, নুর এ আয়েশা আয়াত দ্বিতীয় এবং অর্নিভ চন্দ তৃতীয় স্থান অর্জন করে।

