বাংলার ভোর প্রতিবেদক :
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বামীকে দেখতে এসে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এক নারীকে অচেতন করে স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নূর জাহান (৬৫) যশোর সদর উপজেলার হাসিমপুর গ্রামের মোশারেফ বিশ্বাসের স্ত্রী।
তিনি বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের পুলিশ সূত্রে জানা গেছে, নূরজাহানের স্বামী হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে স্বামীকে দেখতে হাসপাতালে আসেন তিনি।
এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ভুলিয়ে-ভালিয়ে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করা হয়।
পরে তার সঙ্গে থাকা স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নূরজাহানকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ প্রতিনিধি রুবেল হোসেন জানান, ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এখনও জানা যায়নি।
