বাংলার ভোর প্রতিবেদক :
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী দেখাতে আসা এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইকালে শাহানা (২৬) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় এ ঘটনা ঘটে। আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোরের বড় মেঘলা এলাকার বাসিন্দা শাহানারা চিকিৎসক দেখাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আসেন। এ সময় তার পেছনে অবস্থান নেন শাহানা।
একপর্যায়ে ওড়নার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে কাটার দিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন কাটার চেষ্টা করেন তিনি।
বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন শাহানাকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে চেইন ও চেইন কাটার যন্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের চেইনটির ওজন প্রায় আট আনা বলে জানা গেছে। যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ প্রতিনিধি রুবেল হোসেন জানান, ওই নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
