বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি)এর যৌথ অভিযানে ১৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পৃথক চোরাচালান বিরোধী অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ করা মালামালের মোট মূল্য ১১ লাখ ৯ হাজার ৯০০ টাকা।
শুক্রবার দিনব্যাপি যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও এসআরবি-৩ যৌথভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চৌগাছার আন্দুলিয়া সীমান্তের বর্ণি চার রাস্তার মোড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে, বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৬৪টি শাড়ি, ২টি থ্রি-পিস, ৭টি কম্বল, ১০টি চাদর, ৩ কেজি জিরা, ৩০ প্যাকেট ফুচকা, ৫ কেজি কিশমিশ, ৪২০টি চকলেট এবং ৭৩৭টি কসমেটিকস সামগ্রি জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধ এবং পাচার চক্রের সদস্যদের আটক করতে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে।
