বাংলার ভোর প্রতিবেদক
যৌথ বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ৮৭ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নওদাগ্রামের বাসিন্দা মো. কবির ইকবাল।
সোমবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবির ইকবাল অভিযোগ করেন, ২০২৪ সালের ডিসেম্বরের দিকে সঞ্জয় কুমারের সঙ্গে তার পরিচয় হয়।
পরে যশোরের চাচড়া এলাকায় ‘হাজেরা ইন্টারন্যাশনাল হাসপাতাল’, ‘হাজেরা রিসোর্ট’ ও ‘হাজেরা সিটি অ্যাপার্টমেন্ট’সহ ৬০ কোটি টাকার একটি প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দেয়া হয়। প্রকল্পে বিনিয়োগ করলে নির্দিষ্ট হারে লাভ ও মালিকানার অংশ দেয়ার কথা বলা হয়েছিল।
কবিরের দাবি, প্রস্তাবে আশ্বস্ত হয়ে তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে সঞ্জয় কুমার, আনিসুজ্জামান, আক্তারুজ্জামান ও মোস্তাক আহমেদের মাধ্যমে ব্যাংক ও নগদে মোট ৮৭ লাখ ১০ হাজার টাকা বিনিয়োগ করেন। পরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা নানা টালবাহানা ও মামলা দেয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় গত ১৩ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৭৪৭/২০২৬ (পল্টন) নম্বরে মামলা করেছেন বলেও জানান কবির।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে টাকা উদ্ধারে যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরার পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে কারও বিরুদ্ধে একতরফা অবস্থান না নিয়ে তথ্য-প্রমাণ যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
