বাংলার ভোর প্রতিবেদক :
আগামী ৩১ অক্টোবর ঘোষিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে প্রস্তুতি মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার বিকেলে চুড়ামনকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি চুড়ামনকাটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌগাছা সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চুড়ামনকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সাইফুল ইসলাম, সহসভাপতি ও জামায়াত মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলমগীর সিদ্দিকী এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুদ্দিন। মিছিল পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আরিফুর রহমান। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান। তাঁরা ঘোষিত কর্মসূচির বিভিন্ন দাবি তুলে ধরেন।
আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী,জামায়াতে ইসলামী ও শরিক দলগুলোর ঘোষিত লংমার্চের দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাইয়ের গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। এ ছাড়া সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি প্রতিরোধের দাবিও কর্মসূচিতে তুলে ধরা হয়েছে।
দলীয় সূত্রে জানানো হয়, আগামী শনিবার (৩১ অক্টোবর) ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে যশোরের মুড়লী মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চুড়ামনকাটির প্রস্তুতি মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে স্থানীয় নেতাকর্মীরা ঘোষিত লংমার্চের প্রতি সমর্থন জানান এবং কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
