লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কৃষক মিসকান সরদার (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ সময় নারীসহ উভয় পক্ষে অন্তত ১০জন আহত হয়েছে। নিহত মিসকান সরদার মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউপি’র মাটিয়াডাঙ্গা গ্রামের আজমল মুন্সি গ্রুপের সাথে একই গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে ঢাল, সড়কি, রামদা, চাপাতি, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় কৃষক মিসকান সরদারকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রতিপক্ষ শহিদুল মোল্যার লোকজন। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় আহতরা হলেন, খাঁজা সরদার, আসলাম মুনসি, সিয়ামিন সরদার,সারফিনা বেগম, আমেনা বেগমসহ আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোটাকোল ইউনিয়নের সাবেক মেম্বর শহিদুল মোল্যার সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত মিসকান সরদারের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
