বাংলার ভোর প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। স্কুল পর্যায় থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখানোর ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে।
শুক্রবার যশোরের সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে। অতীতে কোনো সময় শিক্ষা খাতে এ ধরনের বরাদ্দ দেয়া হয়নি। আগামীতে শিক্ষা খাতে বরাদ্দ আরও বাড়িয়ে পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করা হবে।
তিনি বলেন, ‘শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না। কারণ, আমরা যাদের চোখে আগামীর বাংলাদেশ দেখতে চাই এবং যাদের হাত দিয়ে দেশকে গড়ে তুলতে চাই, তাদের যোগ্য করে গড়ে তোলা আমাদের দায়িত্ব।’
শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এমনভাবে শিশুদের প্রস্তুত করা হবে, যাতে তারা বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশকে একটি ঈর্ষণীয় অবস্থানে নিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হতে হবে। এ কারণেই সরকার এক্সট্রা কারিকুলার কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবের পরিধি বাড়ানো এবং লাইব্রেরি আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এ কাজে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজেও সহযোগিতা করার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। এ ছাড়া বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজিদুর রহমান সাগরসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

