নড়াইল সংবাদদাতা
নড়াইলে মাদরাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় দায়েরকৃত মামলায় মেরাজ আলী (২৫) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।
সোমবার দুপুরে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভা এলাকার একটি মাদরাসায় গত বছরের (১০ জুলাই) রাতে ওই ছাত্রকে তার নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী। পরে তার মা-বাবাকে কিছু না বলার জন্য শিশুটিকে ভয় দেখান। দুই মাসে ওই শিক্ষক একাধিকবার ওই মাদরাসা ছাত্রকে বলাৎকার করেছেন এমন ঘটনা সে তার মা’কে জানায়।
বিষয়টি জানাজানি হলে মেরাজ আলী পালিয়ে যান। পরে (১২ জুলাই) স্থানীয় লোকজন মেরাজ আলীকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ বলেন, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
