খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গণমাধ্যমকর্মীদের নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিজানুর রহমানকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়া ওই পোস্টের ভাষা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের প্রতিনিধিরা। তারা মন্তব্যটির নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রকাশ্য বক্তব্য দাবি করেছেন।
জানা গেছে, সম্প্রতি ডা. মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।” তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে পোস্টটি তাঁর ফেসবুক টাইমলাইনে আর দেখা যায়নি।
এ ঘটনায় সাতক্ষীরা ও তালা উপজেলার সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিকদের মতে, গণমাধ্যম সমাজের নানা অসংগতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরার পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ ধরনের একটি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্দেশে এমন মন্তব্য অনভিপ্রেত এবং তা সাংবাদিক সমাজের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে বলে তারা মনে করছেন। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার ব্যাখ্যা এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানোর পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন গণমাধ্যমকর্মীরা।
এ বিষয়ে বক্তব্য জানতে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবদুস সালাম বলেন, “একজন চিকিৎসক সাংবাদিকদের নিয়ে কখনো এমন লিখতে পারেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
