খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ ঘোষণার পর জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীরা এই নিয়োগকে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক নেতৃত্ব ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে দেখছেন।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সম্ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণকারী হাবিবুল ইসলাম হাবিব ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পর্যায়ক্রমে সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকার মাধ্যমে পরিচিতি পাওয়ার পর তিনি জাতীয় রাজনীতিতেও নিজস্ব অবস্থান তৈরি করেন।
১৯৯৬ সালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও জয়লাভ করে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৩ সালে সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে বিএনপির শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন সময় মামলা, হামলা ও কারাবরণের অভিজ্ঞতার মধ্য দিয়েও তাকে পথচলা অব্যাহত রাখতে হয়েছে।
আলোচিত কয়েকটি মামলায় দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও বিজয়ী হতে পারেননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা তার নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে।

