বাংলার ভোর প্রতিবেদক
যশোর মেডিকেল কলেজের ছাত্র হলের কক্ষ দখল করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যশোর মেডিকেল কলেজের একটি সূত্র জানা যায়, যশোর মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আশিকুজ্জামানের নেতৃত্বে হলে কয়েকটি কক্ষ দখল করে তালা লাগিয়ে রাখার অভিযোগ ওঠে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন। পরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যেগে মঙ্গলবার রাতে তালা ভেঙে কক্ষ দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্রিকেট খেলার স্টাম্প এবং লাঠিসোটা নিয়ে দুই পক্ষের মধ্যে মারমুখী আচরণ শুরু হলে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশ না কারার শর্তে কয়েক শিক্ষার্থী জানান, ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কলেজ প্রশাসনের পক্ষ থেকে ফোন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
তবে এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

