বাংলার ভোর প্রতিবেদক :
নতুন ঘর সাজানোর স্বপ্ন ছিল। নবনির্মিত বাড়িতে স্ত্রীকে নিয়ে নতুন করে সংসার শুরুর প্রস্তুতিও চলছিল। সেই ঘরের জন্য প্রয়োজনীয় মালামাল কিনতে যশোর শহরে এসেছিলেন রশিদ ও তার স্ত্রী সাবিরা খাতুন। কিন্তু ঘরে ফেরা হলো না তাঁদের। পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী দুজনই।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে যশোর ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন রশিদ ও সাবিরা খাতুন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবিরার মৃত্যু হয়। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তার স্বামী রশিদ।
নিহত রশিদ যশোরের চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের ইসমাইলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজেদের নবনির্মিত বাড়ির বিভিন্ন মালামাল কিনতে স্ত্রী সাবিরাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যশোরে এসেছিলেন তিনি। কেনাকাটা শেষে চৌগাছায় বাড়ির উদ্দেশে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা।
যশোর ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবিরা খাতুন মারা যান। পরে রশিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ঢাকার পথে তাঁরও মৃত্যু হয়।
একসঙ্গে নতুন ঘরে ওঠার স্বপ্ন দেখেছিলেন যে দম্পতি, সেই ঘর আর তাদের দুজনকে একসঙ্গে বরণ করতে পারল না। ঘর সাজানোর সামগ্রী কেনার জন্য বের হয়ে শেষ পর্যন্ত নিথর দেহে ফিরলেন রশিদ ও সাবিরা।
স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নতুন ঘরে ওঠার আনন্দের বদলে এখন তাদের বাড়িতে চলছে কান্না আর শোকের মাতম।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু খবর আমরা পেয়েছি।’

