অভয়নগর সংবাদদাতা :
যশোরের অভয়নগরে একটি প্রাইভেটকার থেকে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার ভোর ৫টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার গৌরীপুর থানার শাহাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও প্রাইভেটকারচালক মো. মিজান (৩৩), কুমিল্লা কোতোয়ালি থানার গোলাবাড়ী গ্রামের ভূঁইয়াপাড়ার মৃত ফরিদ আহমেদ ভূঁইয়ার ছেলে পাভেল মিয়া ওরফে মিন্টু (৩৫) এবং খুলনার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের সাহেব আলী মিনার ছেলে মুসন মিনা (৩৫)।
অভয়নগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কুমিল্লা থেকে খুলনার দৌলতপুরগামী একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা কুমিল্লা থেকে গাঁজা নিয়ে খুলনার দৌলতপুরে যাচ্ছিলেন। প্রাথমিক যাচাইয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘১৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

