বাংলার ভোর প্রতিবেদক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে। এসব স্কুল থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পরীক্ষায় পাস করতে পারেনি। অর্থাৎ প্রতিষ্ঠানগুলোতে পাসের হার নেমে এসেছে শূন্য শতাংশে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক অফিসিয়াল তালিকায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, পাসের হার শূন্য থাকা এই ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায়, তাদের একজনও কৃতকার্য হতে পারেনি। শতভাগ ফেল করা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ৭ জন শিক্ষার্থী ছিল ‘সাতক্ষীরা নাইশা সেকেন্ডারি স্কুল’ থেকে।
পাসের হার শূন্য হওয়া বিদ্যালয়গুলোর তালিকা- সাতক্ষীরা নাইশা সেকেন্ডারি স্কুল, মণিরামপুরে হেলানচি কৃষ্ণবাটি সেকেন্ডারি গার্লস স্কুল, ডুমুরিয়ার কাটেঙ্গা সেকেন্ডারি স্কুল, শরণখোলা ডি. এন. একতা গার্লস হাই স্কুল, আশাশুনি গোদাড়া সেকেন্ডারি স্কুল, খালিশপুর আসমা সরোয়ার ইসলামিক হাই স্কুল, মণিরাপুরে চাঁদুয়া সমসকাটি গার্লস হাই স্কুল, শার্শা শরৎতলা জুনিয়র গার্লস হাই স্কুল, দেবহাটা বাবুরাবাদ ধাপুখালী সেকেন্ডারি স্কুল, শার্শা মুক্তিযোদ্ধা জি. কে. জি. এস. সেকেন্ডারি গার্লস স্কুল, শ্যামনগর সাহেবখালী সিদ্দিক গাজী সেকেন্ডারি স্কুল।
শিক্ষা বোর্ড সূত্রের খবর, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য, সেগুলোর বিরুদ্ধে বোর্ডের বিধি অনুযায়ী কারণ দর্শানো নোটিশসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

