কেশবপুর সংবাদদাতা :
যশোরের কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে বিনামূল্যে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার শিকারপুর কমিউনিটি ক্লিনিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার নারীরা অংশগ্রহণ করেন। ক্যাম্পে আসা নারীদের বিনামূল্যে ভায়া পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা দেয়া হয়।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহনেওয়াজ ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবা নিতে আসা নারীদের সঙ্গে কথা বলেন। শিকারপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নারীদের মধ্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের বিনামূল্যের ক্যাম্প আয়োজন করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা সম্ভব হলে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।

