বাংলার ভোর প্রতিবেদক :
এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল (ব্যবহারিক) খাতা অবমূল্যায়নের কারণে অকৃতকার্য হওয়ার অভিযোগ এনে ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার যশোর জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর পিতা।
অভিযোগ সূত্রে জানা যায়, যশোরের অবুঝ আমুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মো. ইফতেখার রশীদ সিয়াম। পরবর্তীতে গত ১০ মে ২০২৬ ইং তারিখে ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, তিনি বিজ্ঞান বিভাগ থেকে অকৃতকার্য হয়েছেন।
শিক্ষার্থী সিয়ামের দাবি, প্র্যাকটিক্যাল পরীক্ষায় তার উত্তরপত্র ও খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। ভুল বা অবমূল্যায়নের কারণেই তার ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পরবর্তীতে শিক্ষার্থী সিয়ামের পিতা এস এম হারুন অর রশীদ জেলা প্রশাসক বরাবর নিরপেক্ষ তদন্তের আবেদন জানান।
আবেদনে অভিভাবক এস এম হারুন অর রশীদ উল্লেখ করেন, “আমার সন্তান শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অত্যন্ত কষ্ট ও নিখাদ আগ্রহ নিয়ে পড়াশোনা করেছে। প্র্যাকটিক্যাল খাতার সঠিক মূল্যায়ন না হওয়ায় আজ তার এই পরিণতি। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে আমার সন্তান ন্যায়বিচার পাবে।
তিনি উক্ত ঘটনার নিরপেক্ষ ও সঠিক তদন্তের মাধ্যমে উত্তরপত্র পুনর্বিবেচনা এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আকুল আকুতি জানিয়েছেন।

